প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:৫৬ পিএম

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ। বিশেষ ম্যাচটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট হওয়ায়। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিন অঙ্কের টেস্ট সংখ্যা স্পর্শ করতে যাচ্ছেন তিনি।
এ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে গ্যালারিতে বিনা টিকিটে প্রবেশ করে খেলা উপভোগ করতে পারবেন। দর্শকদের জন্য নির্ধারিত প্রবেশপথ হিসেবে স্টেডিয়ামের ৫ নম্বর গেট ব্যবহার করতে হবে।
বিসিবির নির্দেশনায় আরও বলা হয়েছে, স্টেডিয়ামে প্রবেশের সময় বাইরে থেকে কোনো খাবার, পানির বোতল এবং নিষিদ্ধ সামগ্রী সঙ্গে আনা যাবে না।
সিলেটে প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। মিরপুরে দ্বিতীয় টেস্টটি প্রতিদিন সকাল সাড়ে নয়টায় শুরু হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে