প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মুরাদ হোসেন (৬৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরাদ হোসেন ছিলেন আওয়ামী লীগ থেকে নির্বাচিত মিরপুর-১২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। তার বাবার নাম আমজাদ হোসেন শিকদার। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।
কারারক্ষীদের পক্ষ থেকে জানা গেছে, মুরাদ হোসেনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয় এবং চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারাসূত্রে জানা যায়, মুরাদ হোসেন হাজতি হিসেবে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা রয়েছে। তার হাজতি নম্বর: ১৬৪৪/২৫।
স্বদেশ প্রতিদিন/ আরএফ