প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ AM

পাকা ধান কাটার অভিযোগ
নোয়াখালীর হাতিয়ায় প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় খরিদকৃত জমির পাকা ধান কেটে নেওয়া, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নুর ইসলাম এ ঘটনায় হাতিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ কাটা ধান জিম্মায় নেয়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর লটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, চর লটিয়া এলাকার নুর ইসলাম দীর্ঘদিন ধরে তার কেনা জমিতে কৃষিকাজ করে আসছেন। কিন্তু স্থানীয় জুলফিকার আলী, মনির উদ্দিন, মোছলেহ উদ্দিন, নিশন, রাজুসহ ৭–৮ জনের একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা এবং নিয়মিত চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অপারগতা জানালে তারা নুর ইসলাম ও তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দেয়।
মঙ্গলবার সকালে সংঘবদ্ধভাবে দলটি নুর ইসলামের জমিতে প্রবেশ করে পাকা ধান কেটে নেয়। বাধা দিতে গেলে নুর ইসলাম ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং কিল-ঘুষিসহ মারধর করা হয়। পরে অভিযুক্তরা সম্পূর্ণ জমির ধান কেটে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নুর ইসলাম বলেন, “আমি ২০১৩ সালে জমিটি খরিদ করি। নিয়মিত খাজনা পরিশোধ করি এবং ভোগদখলে আছি। কোনো মালিকানা না থাকা সত্ত্বেও তারা জোর করে জমি দখল করতে চাইছে। ধান কাটতে বাধা দিলে আমাকে ও পরিবারকে মারধর করে। অভিযুক্ত জুলফিকার আলীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ