প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:২৫ পিএম

প্রতীকী ছবি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মানসিক ভারসাম্যহীন ২৪ বছর বয়সি এক তরুণীকে গত এক মাস ধরে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জুঁইদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটে এ ন্যক্কারজনক ঘটনা। দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হওয়া তরুণী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের নজরে আসে।
রোববার (১৬ নভেম্বর) ইউএনও’র নির্দেশে উপজেলা প্রশাসন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারার প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদের সহায়তায় তরুণীকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, প্রায় এক মাস ধরে গ্রামে ঘুরে বেড়াতে দেখছিলেন মানসিক ভারসাম্যহীন তরুণীকে। তার পরিচয় বা আগমনস্থল কেউ জানে না। কয়েকদিন ধরে তাকে যৌন নির্যাতন করা হচ্ছে এমন তথ্যও তারা পায়। পরবর্তীতে তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।
ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলেন, “যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।” তারা আরও জানান, অপরাধীদের বিচারের আওতায় আনতে না পারলে এলাকায় নিরাপত্তাহীনতা বাড়তে থাকবে।
স্থানীয় গ্রাম পুলিশ জসিম উদ্দিন বলেন, “ইউএনও ম্যাডামের নির্দেশে আমরা ঘটনাস্থলে গিয়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে এনেছি। তিনি চিকিৎসাধীন।”
এনসিপির আনোয়ারা উপজেলা প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ বলেন, “বিষয়টি জানার পর আমরা ইউএনও’কে অবহিত করি। পরে প্রশাসনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এ ধরনের জঘন্য কাজের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “তরুণীকে দুপুরে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, “বিষয়টি জানার পরপরই আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ভুক্তভোগীর চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ