প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৩৬ AM

মাদারীপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা বিক্ষোভ ও ঝটিকা মশাল মিছিল করেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ মিনিট ধরে মহাসড়কে মিছিল ও অবস্থান চলে। এতে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে এ মশাল মিছিল আয়োজন করা হয়।
মস্তফাপুর এলাকা থেকে ব্যানার হাতে মিছিলে অংশ নেয় নেতা–কর্মীরা। তাদের হাতে ছিল ২০ থেকে ২২টি মশাল। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে মস্তফাপুর বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। মিছিলে অংশ নেওয়া সবাই মুখে মাস্ক পরা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন জানান, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন, “এর মধ্যেই একটি সন্ত্রাসী গোষ্ঠী মশাল মিছিল বের করেছে বলে শুনেছি। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতেই তারা দ্রুত সরে যায়। তাদের শনাক্তে অভিযান চলছে।”
এর আগে রোববার ভোর সাড়ে ৬টায় একই মহাসড়কের গোপালপুর এলাকায় গাছ ফেলিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা। প্রায় চার ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার পর সকাল সাড়ে ৯টায় কালকিনি ও ডাসার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস গাছ অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে