প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৫১ পিএম আপডেট: ১৬.১১.২০২৫ ২:০৪ PM

সংগৃহীত ছবি
রাজধানীর হাতিরঝিল থানায় দায়েরকৃত হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারের পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।
শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে শুনানি শেষে ২০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করা হয়।
দুপুরে হিরো আলমকে পুলিশ আদালতে হাজির করে এবং বিকেলে এজলাসে তোলা হলে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। বাদীপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত আবেদন মঞ্জুর করেন। এসময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।
১২ নভেম্বর হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে শনিবার সকালে তাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হিরো আলম ও তার সাবেক স্ত্রী রিয়া মনির মধ্যে বিরোধের জেরে গত ২১ জুন হাতিরঝিল এলাকার একটি বাসায় ডেকে নেওয়ার পর রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করা হয়। পরবর্তীতে তাদের বাসায় প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে রিয়া মনি আহত হন এবং তার গলা থেকে দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর রিয়া মনি গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলাটি করেন।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ