প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:০৮ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর বেইলি রোডে কেএফসি ভবনে আগুন লাগার ঘটনা ঘটে শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে।
ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয়। তবে সেখানে পৌঁছে দেখা যায়, আগুন ইতোমধ্যেই নিভে গেছে।
ফায়ার সার্ভিসের মতে, এ ঘটনায় উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, রাজধানীর মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় পর পর ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। তবে কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকার পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঠিক কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১২ নম্বরের মেট্রো স্টেশনের ১৭৯ নম্বর পিলারের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত করছে।
এর আগে রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাতিরঝিল থানার এসআই ফুয়াদ আহমেদ বলেন, ‘সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে মৌচাক উড়ালসড়ক থেকে নিচের মৌচাক ক্রসিং এলাকায় একটি ককটেল নিক্ষেপ করা হয়। পুলিশ জানায়, কয়েকজন দুর্বৃত্ত উড়ালসড়ক থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে পড়ে। ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ