প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৫৫ পিএম

ককটেল বিস্ফোরণ
রাজধানীর মিরপুর, পল্লবী ও হাতিরঝিল এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতিরঝিলে হওয়া বিস্ফোরণে একটি মোটরসাইকেলে দাউদাউ করে আগুন ধরে যায়।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে মিরপুরের বিআরটিএ কার্যালয়ের আশপাশে, মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে এবং হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে মোট চার দফা ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।
এদিকে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে হাতিরঝিল থানা পুলিশ। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ জানান, বিস্ফোরণে কেউ আহত হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছে।
অন্যদিকে পল্লবী থানা পুলিশের তথ্য মতে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে হঠাৎ দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনায় কোনো হতাহতের খবর নেই। পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে তদন্ত শুরু করেছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ