
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশে রাজনীতি হবে পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতার ভিত্তিতে। মতপার্থক্য থাকলেও কোনো ধরনের দ্বন্দ্ব, সংঘাত বা ষড়যন্ত্র বরদাশত করা যাবে না।
জুলাই বিপ্লবের সকল অংশীজনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশের আগামী রাজনীতিতে পরাজিত ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে।”
শনিবার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফীর নেতৃত্বে ওলামায়ে কেরামের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মামুনুল হক বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদী শক্তি আবারও সুযোগ পাবে। তাই জাতীয় নির্বাচনের আগে স্বতন্ত্র দিনে গণভোট আয়োজন করে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।”
তিনি দাবি করেন, পরাজিত শক্তি নানা ধরনের ষড়যন্ত্রের জাল ছড়াচ্ছে, যা প্রতিহত করতে জনগণের ঐক্য প্রয়োজন।
ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিসের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস এদেশে চূড়ান্তভাবে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। জনগণের সমর্থনে ভবিষ্যতে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে ‘রিকশা’ প্রতীকের প্রার্থীদের জনগণের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে ইসলামী রাজনীতির স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে।
অনুষ্ঠানে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী, মুফতি জুনায়েদ বিন মিজান, মুফতি ইকবাল মাহমুদ, মাওলানা তাওহীদ আল-মাআরেফীসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বহু ওলামায়ে কেরাম বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মুফতি আলাউদ্দিন সাবেরী, মাওলানা ফারুক আহমেদ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে