প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:২৭ AM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকায় অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে এক নারীসহ শ্রমিক দল নেতাসহ ৪ জনকে আটক করেছে গ্রামবাসী।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারসংলগ্ন নজির মিয়ার বাড়ির পেছনের একটি ভাড়া বাসায় গ্রামবাসী সন্দেহজনক আচরণ দেখে চারজনকে আটক করেন। আটক ব্যক্তিদের বাড়ি একই ইউনিয়নের চরআবাবিল গ্রামে।
স্থানীয়রা অভিযোগ করেন, ওই বাসায় দীর্ঘদিন ধরে নারী এনে দেহব্যবসা পরিচালনা করে আসছিলেন রাজু ও তার সহযোগীরা। নিয়মিত অপরিচিত লোকজনের যাতায়াত এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।
হায়দরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ওসি) বেলায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও গ্রামবাসীর অভিযোগে শ্রমিক দলের উত্তর চরআবাবিল ইউনিয়নের সাবেক সহ-সভাপতি রাজু, তার সহযোগী ফরহাদ ও আসলামসহ এক নারীকে গ্রামবাসী পিটুনি দিয়ে আটক করে রাখে। আটক নারী পেশাদার যৌনকর্মী। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তবে ওই নারী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি যৌনকর্মী নন। রাজু, ফরহাদ ও আসলাম মিথ্যা কথা বলে তাকে ওই বাসায় নিয়ে গেলে গ্রামবাসী সন্দেহ করে আটক করে পুলিশে দেয়।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দীন ভূঁইয়া বলেন, প্রাথমিক তদন্ত শেষে চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ এম এস