প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:৩২ পিএম

কক্সবাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে আত্মহত্যা করেছেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ফরহাদ হোসেন সৌরভ।
বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকার একটি হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সৌরভ সিলেট নগরীর দক্ষিণ সুরমার মনিপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। তিনি এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, পাঁচ বন্ধু মিলে সিলেট থেকে কক্সবাজার ভ্রমণে আসে। দুপুরে তারা কলাতলীর একটি হোটেলে ওঠে। রাতে কেনাকাটা করতে গিয়ে চারজন বাইরে থাকলেও সৌরভ কক্ষে একা ছিলেন।
সৌরভের বন্ধু আবির জানান, তারা পাঁচ বন্ধু দুপুরে ওই হোটেলে ওঠেন এবং রাতে কেনাকাটা করতে সৌরভকে কক্ষে রেখে চার বন্ধু বাইরে যান। কিছুক্ষণ পর সৌরভের প্রেমিকা শিপু ফোন দিয়ে জানায়, সৌরভ তাকে ভিডিওকলে রেখে আত্মহত্যা করছে।
আবির আরও বলেন, বিষয়টি শুনে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে দেখতে পাই সৌরভ গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সৌরভকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকা শিপুর মধ্যে মনোমালিন্য চলছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কলের মধ্যেই সৌরভ আত্মহত্যা করে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে