প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:৫০ AM

সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দ্বিতীয় দিন শেষে বড় ইনিংসের আশা জাগালেও সকালে ধারাবাহিকতা রাখতে পারেননি মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে ৪০০ রানের মাইলফলক পার করেছে বাংলাদেশ।
দিনের শুরুতে ব্যক্তিগত ১৬৯ রানে ব্যাট করতে নামেন মাহমুদুল হাসান জয়। কিন্তু ইনিংসে মাত্র দুটি রান যোগ করেই ব্যারি ম্যাকার্থির বলে উইকেটের পেছনে লরকান টাকারের হাতে ক্যাচ দেন তিনি। ২৮৬ বলের ইনিংসে ১৪টি চার ও ৪টি ছক্কা মারেন এই ওপেনার।
জয়ের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি মুমিনুল হকও। আগের দিন ৮০ রান নিয়ে খেলা শুরু করা এই অভিজ্ঞ ব্যাটার ৮২ রানে অ্যান্ডি বালবির্নির হাতে ক্যাচ দেন। ব্যারি ম্যাকার্থির বলেই ফেরেন তিনি। ১৪২ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা মারেন মুমিনুল।
দুই সেট ব্যাটার ফিরে যাওয়ার পর দায়িত্ব নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই জুটিতে এখন পর্যন্ত ৬৭ রান যোগ হয়েছে দলীয় স্কোরে। ইতোমধ্যে নিজের ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতক পূরণ করেছেন শান্ত।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০২.৪ ওভারে ৩ উইকেটে ৪১৩ রান। নাজমুল হোসেন শান্ত ৫০ এবং মুশফিকুর রহিম ১৯ রানে অপরাজিত আছেন।
এর ফলে প্রথম ইনিংসে ১২৭ রানে এগিয়ে গেছে বাংলাদেশ।
স্বদেশ প্রতিদিন/কেআইকে