প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:৩৮ AM

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকার টালবাহানা করছে। পর্যাপ্ত প্রমাণ থাকা সত্ত্বেও বিচার না হওয়া সরকারের গড়িমসির প্রমাণ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। ‘জুলাইসহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতা সৃষ্টির প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ছাত্রশিবির।
ঢাকা কলেজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
জাহিদুল ইসলাম বলেন, “জুলাই গণহত্যার বিচার নিয়ে আর টালবাহানা চলবে না। হাসিনাকে আমরা একবার লাল কার্ড দেখিয়েছি। ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট আচরণ করবে, তাদের জন্য ছাত্রজনতা ডাবল লাল কার্ড প্রস্তুত রেখেছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগের নেতা-কর্মীরা আজ দিশেহারা। তাদের নেত্রী হেলিকপ্টারে পালিয়ে গেছে, তাদের মৃত্যুর মুখে ফেলে রেখে গেছে। অথচ তারা এখনও বিভ্রান্তির রাজনীতি করছে।”
সমাবেশে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলেন, “হাসিনা বিদেশে বসে ভিডিও বার্তা দিয়ে দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। অথচ গ্রেফতার হওয়া আওয়ামী লীগের কর্মীদের জেলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। দেড় বছরে প্রায় ৪০ হাজার কর্মী গ্রেফতার হলেও অন্তত ৩৫ হাজারকে জামিন দেওয়া হয়েছে।”
বক্তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন ও রাজনৈতিক প্রতিহিংসার অবসানের দাবি জানান। তারা সতর্ক করে বলেন, “জুলাইয়ের শহিদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না ন্যায়বিচার না হলে রাস্তায় নামবে দেশের ছাত্রজনতা।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে