প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:০৫ AM

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মশাল মিছিলে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে মিছিলের সারিতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
গতকাল বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ একজন যুবক সামনে এসে উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে মিছিলের অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন কর্মী যুবকটিকে ধরার চেষ্টা করেন, কিন্তু তিনি মসজিদের গলিপথে ঢুকে পালিয়ে যান।
এনসিপি নেতা শওকত আলী ঘটনার বর্ণনায় বলেন, “মিশনপাড়া এলাকায় মিছিলের পেছনে এক যুবক চিৎকার করে বলল, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর’। তখন মিছিলের মধ্যে কয়েকজন নারী সদস্য ছিলেন। আমরা তাকে ধরার চেষ্টা করলেও সে দৌড়ে পালিয়ে যায়। এরপর আর তাকে পাওয়া যায়নি। তবে ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।”
মশাল মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিব প্রমুখ।