প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১:০০ পিএম

রাজধানীজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযান
রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা জোরদারে ব্যাপক তল্লাশি ও সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। বিশেষ করে বাংলামটর সার্কেল এলাকায় রূপায়ন টাওয়ারের সামনে স্থাপন করা হয়েছে কড়াকড়ি চেকপোস্ট।
সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে প্রতিটি যানবাহন সতর্কভাবে তল্লাশি করা হচ্ছে। মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও রাইড শেয়ারিং সার্ভিস—সব ধরনের যানবাহন থামিয়ে চালক ও যাত্রীদের পরিচয় যাচাই করছেন তারা।
চেকপোস্টে পুলিশের সদস্যরা রেজিস্ট্রেশন কাগজ, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র পরীক্ষা করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অনেকেই মনে করছেন, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে এ ধরনের অভিযান সাধারণ নাগরিকদের জন্য নিরাপত্তার বার্তা বহন করছে। তবে কিছু চালক জানান, হঠাৎ চেকপোস্টের কারণে যানজটে ভোগান্তি বাড়লেও নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ প্রশংসনীয়।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ