প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:১৩ AM আপডেট: ১২.১১.২০২৫ ১১:২৭ এএম

প্রতীকী ছবি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় দুর্বৃত্তরা এক ঘরে ঢুকে বাবা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোর ৪টার দিকে উপজেলার ভুবনপুরা হামিলখা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
নিহতরা হলেন- রতন মিয়া (৩৩) ও তাঁর মেয়ে নুরিয়া আক্তার (৭)। আহত স্ত্রী জুলেখা আক্তার (২৭) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে স্থানীয়রা রতনের ঘর থেকে চিৎকার শুনে এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় রতন ও তার মেয়েকে পড়ে থাকতে দেখেন। রতনের মরদেহ ঘরের মেঝেতে এবং মেয়ের মরদেহ খাটের ওপর পাওয়া যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ একাধিক টিম নিয়ে তদন্ত চালাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ