প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৯:২৩ AM আপডেট: ১২.১১.২০২৫ ১:৪৬ PM

সংগৃহীত ছবি
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সৌদি আরবের জেদ্দায় চুক্তি সম্পন্ন হয়, যা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আর সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
চুক্তি অনুসারে ২০২৬ সালে বাংলাদেশ থেকে সাড়ে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করতে পারবেন।
হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে ধর্ম উপদেষ্টা সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও সৌদি মন্ত্রীকে অবহিত করেন।
এ ছাড়া, মিনা-আরাফা ও মুজদালিফার তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়ানোর বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান উপদেষ্টা।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি দেন।
ধর্ম উপদেষ্টা সৌদি মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান, যা মন্ত্রী সম্মত হন।
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ