বিশেষজ্ঞরা জানিয়েছেন, সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। খোলা ড্রামে তেল বিক্রি এবং ভিটামিন ‘ডি’ সংযোজনের অভাব-এগুলো ভোজ্যতেলের গুণগত মান ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বিএমএ ভবনে অনুষ্ঠিত “সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল: অগ্রগতি, বাধা ও করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব মতামত তুলে ধরেন তারা।
কর্মশালায় জানানো হয়, খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রি সরকারি নিষেধাজ্ঞার লঙ্ঘন এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট জরিপ (২০১১–১২) অনুযায়ী, দেশে প্রতি ৫জন শিশুর মধ্যে একজন ভিটামিন ‘এ’ ও দুইজন ভিটামিন ‘ডি’-এর ঘাটতিতে ভুগছে। যদিও ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন ২০১৩ বিদ্যমান, বাস্তবে অধিকাংশ তেলেই ভিটামিনের উপস্থিতি মানমাত্রার চেয়ে কম।
আইসিডিডিআর,বি-এর এক গবেষণায় দেখা গেছে, বাজারে বিক্রি হওয়া তেলের ৬৫ শতাংশই ড্রামে বিক্রি হয়। এর মধ্যে ৫৯ শতাংশ তেলে ভিটামিন ‘এ’ একেবারেই নেই এবং মাত্র ৭ শতাংশে আইনি মানমাত্রা অনুসারে ভিটামিন পাওয়া গেছে।
এদিন বক্তারা বলেন, “এসব ড্রামের অনেকগুলোই আগে কেমিক্যাল বা শিল্পপণ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, যা নন-ফুড গ্রেড এবং স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। ফলে এসব ড্রামের মাধ্যমে নিম্নমানের বা ভেজাল তেল সহজেই বাজারে প্রবেশ করছে।”