
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির গণসমাবেশে প্রার্থী নিয়ে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভের প্রতিক্রিয়া। তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ অংশগ্রহণকারীরা একযোগে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে হাত তোলেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাতিয়া মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এই গণসমাবেশে বিএনপির ঘোষিত ‘সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা’ নিয়ে আলোচনা এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালাম, প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন, আজিম গ্রুপ অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবদুস সালাম, এডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন স্বপন, আলমগীর কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এডভোকেট নূর হোসেন সুমন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, “৩৫ বছর ধরে হাতিয়ার মানুষের পাশে আছেন প্রকৌশলী ফজলুল আজিম। কিন্তু তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী ঘোষণা করা হয়েছে, যা জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়।”
তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান দ্রুত প্রার্থী পরিবর্তনের জন্য।
সাবেক এমপি প্রকৌশলী ফজলুল আজিম বলেন, “স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেব, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছেন—আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ।”
তিনি আরও বলেন, “হাতিয়ার প্রার্থী ঘোষণায় আপনারা ক্ষুব্ধ—আমিও তাই। তবে অতীতের মতো ঐক্যবদ্ধ থাকলে আমরা সফল হবো। আমার অবর্তমানে আমার ছেলেকেও আপনারা আপন করে নেবেন।”
গণসমাবেশ উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে সমবেত হন। মাঠজুড়ে ছিল নানা রঙের ব্যানার—কোথাও ধানের শীষের প্রতীক, কোথাও আবার ‘হাতিয়ার উন্নয়নে ফজলুল আজিমকে চাই’ লেখা পোস্টার।
অনুষ্ঠানে সাবেক এমপি ফজলুল আজিম নিজে ও তাঁর পুত্রের বিএনপি সদস্যপদ নবায়নের মাধ্যমে দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে