প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম

উল্লাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের উপবৃত্তি কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ হাসনাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মাহবুবর রহমান খান, উপপরিচালক মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।
সেমিনারে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও সামাজিকভাবে এগিয়ে নিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেমন আর্থিক সহায়তা পাচ্ছে, তেমনি আত্মবিশ্বাস ও প্রেরণাও পাচ্ছে মূলধারার শিক্ষায় অংশগ্রহণের মাধ্যমে।
অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী শিশুদের প্রতি সমাজের ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানান এবং তাদের অধিকার ও সুযোগ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজকর্মীরা।