প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:১২ পিএম

লেবাননে প্রায় এক দশক বিনা বিচারে কারাভোগের পর মুক্তি পেয়েছেন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছোট ছেলে হানিবাল গাদ্দাফি।
বিবিসির খবরে জানা যায়, সোমবার (১০ নভেম্বর) ৪৯ বছর বয়সী হানিবালকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে মুক্তি দেয় লেবাননের আদালত। তবে আপাতত তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মানবাধিকার সংগঠনগুলো বিচার প্রক্রিয়া শেষ না করে জামিনে মুক্তি দেওয়ার ঘটনায় উদ্বেগ ও সমালোচনা জানিয়েছে।
হানিবালের আইনজীবী লরাঁ বায়ন জানান, জামিনের অর্থ পরিশোধ সম্পন্ন হয়েছে, এবং এর মাধ্যমে হানিবালের ১০ বছরের দীর্ঘ দুঃস্বপ্নের অবসান ঘটল।
২০১৫ সালে আলোচিত শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে লেবানন কর্তৃপক্ষ হানিবাল গাদ্দাফিকে আটক করে। অভিযোগ আছে, তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা মুসা আল-সদর ১৯৭৮ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হন।
সূত্র: বিবিসি
স্বদেশ প্রতিদিন/ আরএফ