প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সিগন্যাল পোস্টের তার চুরির ঘটনা ঘটেছে, যা ট্রেন চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছে।
সোমবার সকাল থেকে ১ ও ২ নং প্ল্যাটফর্মে ট্রেন ঢুকতে পারছে না। এ স্টেশনে ক্যাবল চুরির ঘটনা নিয়মিত ঘটছে; গত মাসে চুরি হয়েছিল ট্রান্সফরমারও।
স্থানীয়রা জানান, সিগন্যাল পোস্টে ব্যবহার হওয়া বিশেষ তার চুরি হওয়ার কারণে ট্রেন পরিচালনায় সমস্যার সৃষ্টি হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম (আশুগঞ্জ-আখাউড়া) এবং আখাউড়া-সিলেট (হবিগঞ্জ-নোয়াপাড়া) পথের বিভিন্ন স্থানে এ ধরনের চুরির ঘটনা ঘটে আসছে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সুপার মো. নূর নবী জানান, “৩ নং প্ল্যাটফর্মে লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।”
উর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (সংকেত) মো. জোবায়ের বলেন, “আখাউড়া দেবগ্রাম এলাকায় সিগন্যাল পোস্টের তার চুরি হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ, থানা পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে জানানো হয়েছে। নতুন করে তার লাগিয়ে ট্রেন চালানোর চেষ্টা চলছে, তবে কিছুটা সময় লাগবে।”
আখাউড়া রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকল ইসলাম বলেন, “এর আগে চুরির ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। এবারও চুরির সঙ্গে যুক্তদের খুঁজে ব্যবস্থা নেওয়া হবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে