প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৭:২০ পিএম

আগামী শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তি আবারও লটারির মাধ্যমে করা হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২১ নভেম্বর থেকে, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। সম্ভাব্য ডিজিটাল লটারির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।
সোমবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কার্যালয়ে মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক বি. এম. আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা মহানগর ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ভর্তি কমিটির সদস্য এবং মাউশির মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল সাংবাদিকদের বলেন, “এবারও ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক কারিগরি সহায়তা দেবে।”
তিনি জানান, ১২ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রধান শিক্ষকরা অনলাইনে রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করবেন। ১৩ নভেম্বর থেকে টেলিটক ভর্তি প্রক্রিয়ার প্রযুক্তিগত প্রস্তুতি শুরু করবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে।
লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে পারবে। এছাড়া, গত বছরের মতো এবারও দুটি অপেক্ষমাণ (ওয়েটিং) তালিকা প্রকাশ করা হবে। প্রথম তালিকা থেকে ভর্তি হবে ২২ থেকে ২৪ ডিসেম্বর, আর দ্বিতীয় তালিকা থেকে ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে