প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:০৩ পিএম

গণঅভ্যুত্থানে অংশীজন, সব রাজনৈতিক দলসহ সবাই মিলে অন্তত আগামী পাঁচ বছরের জন্য একটি জাতীয় ঐক্যের সরকার দরকার। যদি আমরা সবাই মিলে একটা সরকার গঠন করতে পারি; রাজপথের কোনো আন্দোলন সংগ্রাম থাকবে না। সবার লক্ষ্য থাকবে দেশের কল্যাণ, মানুষের কল্যাণ করা বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা গণঅধিকার পরিষদ ফুলবাড়ী পৌরশহরের বাসস্ট্যান্ড বটতলী মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, পুলিশ, প্রশাসনের কর্মকর্তা, এমপি ও মন্ত্রী সবার বেতন হয় জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকা দিয়ে। জনগণের ট্যাক্সের টাকায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা আর যেন কোনো রাজনৈতিক দলের কাছে মাথা নত না করে। রাজনৈতিক দলের ইশারায় যেন উঠা বসা না করে। তাদেরকে জনগণের কাছে দায়বদ্ধ থেকে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে। জনগণের প্রতি ইনসাফ প্রদর্শন করতে হবে। সেজন্য পুলিশের নিয়োগ ও পদোন্নতির জন্য একটি স্বাধীন কমিশন করতে হবে।
নুর আরও বলেন, ফ্যাসিবাদী হাসিনার দমন-পীড়নের কারণে দেশের মানুষের কথা বলা যখন প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, সেই প্রতিকূল পরিবেশের মধ্যে আমরা ছাত্র-যুবক-তরুণরা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন রাজনীতি শুরু করেছিলাম। আপোষহীন লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে হাঁটি হাঁটি পা পা করে গণঅধিকার পরিষদ আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর যেন হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট দেশকে ভারতের তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগীয় সম্বনয়কারী ও দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের গণঅধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী মো. শাহজাহান চৌধুরী, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মো. হানিফ খান সজিব, দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, দিনাজপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শোভন, ফুলবাড়ী শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান, সহ-সভাপতি নাদিম এম জিসান, সাধারণ সম্পাদক রাফসান জানি প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ এমএস