প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:৪১ পিএম আপডেট: ০৮.১১.২০২৫ ৪:৩৭ PM

সংগৃহীত ছবি
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। শনিবার সকাল ৯টা থেকে কর্মসূচি শুরু হয়। এতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা অংশ নিয়েছেন।
শিক্ষকদের দাবি তিনটি:
১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান,
২. চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা,
৩. শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।
এই কর্মসূচিতে অংশ নিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরাও আন্দোলনে সংহতি জানিয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫,৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩,৮৪,০০০ শিক্ষক কর্মরত রয়েছেন। গত ২৪ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে এবং ১৩তম গ্রেডের শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছিল।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “দাবি আদায়ে ইতিমধ্যে কয়েক হাজার শিক্ষক শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। শিক্ষকদের সংখ্যা আরও বাড়বে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”