প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:৪২ পিএম

ফাইল ছবি
সারা দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনের জোয়ার বইছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাই দিনরাত কাজ করে যাচ্ছেন।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, মানুষ সুশাসন চায়। তবে এটি একদিনে বাস্তবায়ন সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হতে ১০ থেকে ১৫ বছর সময় লেগেছে। আমাদের ক্ষেত্রেও নির্বাচনের পর সংস্কার ও সংলাপের ধারাবাহিকতা বজায় থাকবে।
নারী ও শ্রমিকদের প্রতিনিধিত্ব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে বলেন জুলাই সনদে নারী-শ্রমিকদের প্রতিনিধিত্ব নেই। কিন্তু রাজনৈতিক দলগুলো কি সব শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব করে না? আসলে সব কিছুই সনদে অন্তর্ভুক্ত আছে।
এ সময় তিনি আরও বলেন, কর্মসংস্থান তৈরি করা পরবর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শ্রমবাজারে নতুন ধরনের প্রতিযোগিতা ও ঝুঁকি তৈরি করেছে, যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
স্বদেশ প্রতিদিন/এনআর