প্রকাশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ১১:২৯ পিএম

নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও আগামী সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী আবুল হারিছ রিকাবদার বলেছেন, দলের পক্ষ থেকে দুঃসময়ে দলের পাশে থাকা, হামলা-মামলায় নির্যাতিত ত্যাগী ও সৎ নেতাদেরই মনোনয়ন দেওয়া হবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, সারাদেশে শিবপুর বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। আসন্ন সংসদ নির্বাচনে শিবপুরে একাধিক প্রার্থী রয়েছেন। ধানের পক্ষে শিবপুর বিএনপি ঐক্যবদ্ধ। দল যাকে মনোনয়ন দেবে, আমরা তাকেই বিজয়ী করব। আমাকে যদি মনোনয়ন দেওয়া হয়, আমি শিবপুরের উন্নয়নের স্বার্থে কাজ করব এবং একটি আধুনিক শিবপুর গড়ে তুলব।
শুক্রবার বিকেলে ঐতিহাসিক ৭ই নভেম্বর "বিপ্লব ও সংহতি দিবস" উদযাপন উপলক্ষে নরসিংদীর শিবপুরে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্ত্যেবে তিনি এসব কথা বলেন।
বাঘাব ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ভিপি তরুণ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী আকরামুল হাসান মিন্টু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ও পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক এম আর খান রাজিব, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন রিকাবদার জাহান এবং জয়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
আলোচনা শেষে কলেজ গেইট থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শিবপুর বাজার ও বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির অফিসের সামনে গিয়ে শেষ হয়। এর আগে ঐতিহ্যবাহী ধানুয়া মাঠ থেকে আরেকটি র্যালি নিয়ে অনুষ্ঠানস্থলে আসেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার।