
গজারিয়ায় চুরি-ডাকাতি প্রতিরোধে গ্রামে গ্রামে পাহারা!
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চুরি-ডাকাতি প্রতিরোধে রাত জেগে নিজ নিজ গ্রামে পাহারা দিতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা।
সংশ্লিষ্ট ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত রবিবার ও সোমবার দিবাগত রাতে এবং মঙ্গলবার দুপুরে উপজেলার বালুয়াকান্দী, ভবেরচর ও বড়রায় এলাকায় সংঘবদ্ধ অস্ত্রধারী ডাকাত দল দুঃসাহসিকভাবে একাধিক ডাকাতি ও চুরির ঘটনা ঘটিয়েছে। গত এক সপ্তাহে এসব এলাকায় আরও বেশ কয়েকটি চুরির ঘটনাও ঘটেছে।
ডাকাতির শিকার একাধিক পরিবারের সদস্য ও গজারিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, অস্ত্রসজ্জিত সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা প্রথমে বসতবাড়ির পাকা ভবনের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে বাসিন্দাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পৃথক এলাকায় সংঘটিত এসব ঘটনায় প্রায় এক কোটি টাকার মালামাল লুট করা হয়েছে।
গত কয়েক দিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছেন গজারিয়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। সংঘবদ্ধ ডাকাত দলের হাত থেকে নিজেদের রক্ষায় তারা গ্রামে গ্রামে পাহারা বসিয়েছেন।
গজারিয়া উপজেলায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এসব প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ভবেরচর ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান রতন বলেন, “প্রশাসনের দায়িত্বশীলরা যেমন সমাজের মানুষের জান-মালের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও সমাজ ও মানুষের সেবায় নিবেদিত। আমরা সবাই একসঙ্গে কাজ করব চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিএনপি সর্বাত্মক ভূমিকা রাখবে।”
সভায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ অপরাধ দমনে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় দলীয় নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে চুরি-ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা দেওয়ার জন্য টর্চলাইট, বাঁশি ও নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, এসব টর্চলাইট ও বাঁশি ব্যবহার করে স্বেচ্ছাসেবক ও দলীয় নেতা-কর্মীরা রাতে নিজ নিজ এলাকায় পাহারায় নিয়োজিত থাকবেন।
অন্যদিকে, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির প্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বুধবার বিকালে গজারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোয় আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম এবং সঞ্চালনা করেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম। সভায় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় চুরি-ডাকাতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও শীত মৌসুমে গ্রামে গ্রামে পাহারা বসানোর বিষয়ে আলোচনা হয়।