| শিরোনাম: |

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ও নিউইয়র্ক সিটির কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হয়েছেন সোমা এস. সাঈদ।
বুধবার (৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে তার পরিবারের সদস্য বুরহান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। নির্বাচনে দুই লাখ ৬০ হাজারেরও বেশি ভোট পেয়ে এই ঐতিহাসিক স্বীকৃতি অর্জন করেন সোমা সাঈদ।
বিজয় উপলক্ষে প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এটি শুধু আমার নয়—এটি আমার পরিবার, আমার সম্প্রদায় এবং আমার দেশের বিজয়।”
বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করা সোমা সাঈদের বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, আর মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা।
সোমা সাঈদ ২০২১ সালে নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টি থেকে সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন। এরপর থেকেই তিনি নিউইয়র্কের আইনি ও নাগরিক অঙ্গনে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান। বর্তমানে তিনি তার স্বামী মিজান চৌধুরীর সঙ্গে নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।
বিচারপতি সোমা সাঈদ বৈচিত্র্য, প্রতিনিধিত্ব ও ন্যায়বিচারের প্রতি তার অঙ্গীকারের জন্য ব্যাপকভাবে প্রশংসিত। তিনি নিউইয়র্কের আইনি অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন—যেমন নিউইয়র্ক সিটি সম-অধিকার প্রয়োগ পরিষদের সহ-সভাপতি, নিউইয়র্ক সিটি ন্যায়বিচারের অধিকার পরিষদের বোর্ড সদস্য এবং নিউইয়র্ক মার্কিন-এশীয় বিচারকদের সংগঠনের সক্রিয় সদস্য।
এছাড়াও, তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ