দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অভিনেতা হরিশ রাই আর নেই। বহুল আলোচিত সিনেমা ‘কেজিএফ’ সিনেমায় রকির চাচা এবং ‘ওম’-এর ডন রাই চরিত্রে তিনি দর্শকের মনে গভীর ছাপ রেখেছিলেন।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দীর্ঘদিন থাইরয়েড ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর ৫৫ বছর বয়সে কিডওয়াই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, ক্যান্সারের সঙ্গে লড়াই চলতে থাকলেও পরবর্তীতে তা পেটে ছড়িয়ে পড়েছিল।
এর আগে, হরিশ রাই মিডিয়াকে জানিয়েছেন যে তার চিকিৎসার খরচ ছিল অত্যন্ত উচ্চমূল্যের। এক একটি ইনজেকশনের দাম ছিল ৩.৫৫ লক্ষ টাকা। ডাক্তারদের নির্দেশে ৬৩ দিনের মধ্যে তিনটি ইনজেকশন নিতে হতো, যার খরচ দাঁড়াত ১০.৫ লক্ষ টাকা। অনেক রোগীর ক্ষেত্রে এই ইনজেকশনের সংখ্যা ১৭-২০ পর্যন্ত হতে পারে, ফলে চিকিৎসার মোট খরচ প্রায় ৭০ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাত।
তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ওম, সামারা, ব্যাঙ্গালোর আন্ডারওয়ার্ল্ড, জোদিহাক্কি, রাজ বাহাদুর, সঞ্জু ওয়েডস গীতা, স্বয়ম্বরা, নল্লা এবং কেজিএফ সিরিজের উভয় চ্যাপ্টার।
এদিকে এই অভিনেতার মৃত্যুতে দক্ষিণী চলচ্চিত্রজগতে নেমেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্ত এবং সহকর্মীরা শোক বার্তা প্রকাশ করছেন।