প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম

কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণার দাবির পাশাপাশি নাঙ্গলকোট উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচি অনুষ্ঠিত হয় নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা নাঙ্গলকোট বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “নাঙ্গলকোটে দীর্ঘদিন ধরে ফায়ার সার্ভিস না থাকায় অগ্নিকাণ্ড বা দুর্ঘটনার সময় দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করা সম্ভব হয় না। ফলে প্রাণহানি ও সম্পদহানির ঝুঁকি দিন দিন বাড়ছে। ফায়ার সার্ভিস স্থাপন এখন এলাকার মানুষের প্রাণের দাবি।”
অন্যদিকে, কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা করার দাবিও জানানো হয় মানববন্ধনে। বক্তারা বলেন, “প্রশাসনিক সেবা, উন্নয়ন কার্যক্রম ও অবকাঠামোগত অগ্রগতি ত্বরান্বিত করতে কুমিল্লাকে বিভাগ করা এখন সময়ের দাবি। এটি দীর্ঘদিনের জনআকাঙ্ক্ষা।”
কর্মসূচিতে অংশ নেন নাঙ্গলকোট সরকারি কলেজ, আরিফুর রহমান উচ্চ বিদ্যালয়, বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়, আফছারুল উলুম কামিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে