প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ও সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম এবার যুক্তরাজ্যের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইটহুডে ভূষিত হলেন। খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজা কিং চার্লস তার কাঁধে তলোয়ার ছুঁইয়ে তাকে ‘স্যার ডেভিড বেকহ্যাম’ উপাধিতে ভূষিত করেন।
বার্কশায়ারের ঐতিহাসিক উইন্ডসর ক্যাসেলে অনুষ্ঠিত ইনভেস্টিচার সেরিমনিতে রাজপরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
৫০ বছর বয়সী এই ফুটবল তারকা এখন আনুষ্ঠানিকভাবে নাইট ব্যাচেলর খেতাবের অধিকারী। নিজের সমৃদ্ধ ফুটবল ক্যারিয়ারে বেকহ্যাম ২৫টি ট্রফি, ১১৫টি আন্তর্জাতিক ম্যাচ ও ১৪৪টি গোলের মালিক। ২০০৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ‘গ্যালাকটিকোস’ যুগের অংশ হয়েছিলেন তিনি, যেখানে ছিলেন রোনালদো, জিনেদিন জিদান ও লুইস ফিগোর মতো তারকারা।
খেলার মাঠের বাইরে বেকহ্যাম চ্যারিটি ও মানবিক কাজেও সক্রিয়। গত বছর তিনি দ্য কিং’স ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর হিসেবে যোগ দেন এবং কিং চার্লসের সঙ্গে মৌমাছি সংরক্ষণ প্রকল্পে অংশগ্রহণ করেন।
সম্মাননা গ্রহণের পর বেকহ্যাম বলেন, “এটি আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। খেলাধুলা ও সমাজের প্রতি আমার দায়বদ্ধতা এভাবেই স্বীকৃতি পেল এটি সত্যিই অবিশ্বাস্য অনুভূতি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে