প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ৭:৫৩ PM

সংবিধান থেকে আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা কথাগুলো তুলে দিয়েছে ফ্যাসিস্ট সরকার
সংবিধানের যে লাইনগুলো বাদ দেওয়া হয়েছে, যেমন “আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা”, তা গত ১৫ বছর ধরে দেশ শাসন করা সরকার বা ফ্যাসিস্টরা তুলে দিয়েছে। সংবিধানে ইসলাম ধর্মের এই গুরুত্বপূর্ণ কথাগুলো সংযুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) ধানের শীষে মনোনয়নপ্রাপ্ত হওয়ার একদিন পরে নির্বাচনি এলাকা হাকিমপুরে ইমাম, মোয়াজ্জেম ও কাওমি মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এজেডএম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ৭৫-এর আগে বাংলাদেশ রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে সৌদি আরবসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। শহীদ জিয়াউর রহমান ইসলামি মনোবল ও দৃঢ় ইমান নিয়ে ঐতিহাসিক আরাফাতের ময়দানে নিমগাছের চারা রোপণ করেছিলেন, যা আজও “এখম জিয়ানীম” নামে পরিচিত।
অধ্যাপক জাহিদ হোসেন আলেম ওলামাদের উদ্দেশ্য করে বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমাকে দিনাজপুর-৬ আসনে মনোনয়ন দিয়েছে। আজ আপনাদের মতো সম্মানিত ইমাম, মোয়াজ্জেম ও কাওমি মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে প্রথম মিটিং করতে পারায় আল্লাহর অশেষ রহমত মনে হচ্ছে। আমরা চাই আমাদের দলীয় সেবা ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম আলী, সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, এবং অন্যান্য উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এরপর দুপুরে পৌর শহরের ছাতনি পার্কে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন এবং বোয়ালদাড় ইউনিয়নে ওয়ার্ড ও ইউনিয়ন নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।