প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম

সুন্দরবনের দুবলার চরে রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এসে সমুদ্রে নিখোঁজ এক পর্যটককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাস পূর্ণিমা উৎসবে অংশ নিতে আসা এক পর্যটক দুবলার চর সংলগ্ন সমুদ্র তীরে গোসল করতে নেমে জোয়ারের স্রোতে ভেসে যান। খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলার চর এবং কোস্ট গার্ডের জাহাজ ‘স্বাধীন বাংলা’ দ্রুত একটি উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে নিখোঁজ পর্যটককে জীবিত ও নিরাপদে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত। ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও মানবিক সহায়তা অভিযান অব্যাহত থাকবে।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে