প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনের মধ্যে দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রার্থী ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণায় অনুযায়ী, নীলফামারী-২ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক যুবদল নেতা এইচ এম সাইফুল্লাহ রুবেল।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দেশব্যাপী বিএনপি জনগণের পক্ষে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে নির্বাচনী রূপ দিচ্ছে। আমাদের প্রার্থীরা জনগণের আস্থা ও পরিবর্তনের প্রতীক হয়ে মাঠে কাজ করবেন।”
দলের সূত্র জানিয়েছে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের পরবর্তী বৈঠকে এই দুই আসনের প্রার্থী ঘোষণার আশা করা হচ্ছে।
ঘোষিত প্রার্থীরা ইতোমধ্যেই নিজ নিজ এলাকায় গণসংযোগ, কর্মী সভা ও নির্বাচনী প্রস্তুতি শুরু করেছেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে