প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:২৭ পিএম

সুলতান আহামেদ সুমন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারের সুলতান আহামেদ সুমন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি ২০২০ সালের একটি মামলায় আজ নোয়াখালী মাইজদী কোর্ট থেকে খালাস পেয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় নিহত হন।
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ-কবিরহাট সড়কে ট্রাক ও সিএনজি সংঘর্ষে মোট ৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব ফতেপুর এলাকায় মুল সড়কে ঘটে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশার চালক শাহআলম খোকনও মারা গেছেন। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। আর সুমন চরকাকড়া নতুন বাজার এলাকার বাসিন্দা। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি মাইজদী থেকে বসুরহাট যাওয়ার পথে কবিরহাট পার হয়ে ইসলামিয়া সিনিয়র মাদরাসার সামনে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এছাড়া কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।
কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তিনটি মরদেহ ও দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধার করে থানায় হস্তান্তর করেছেন। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়।
কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসকে দেবনাথ জানিয়েছেন, আহতদের মধ্যে একজন নারী হাসপাতালে পৌঁছানোর পর মারা যান। বাকি দুজনকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠালে পথে তাদেরও মৃত্যু হয়।
ওসি মো. শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।