প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ পিএম আপডেট: ০৪.১১.২০২৫ ১২:১১ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সাবেক সদস্য প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
মহাসচিব মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারি মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। এই নির্বাচনে প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে। তিনি জানান, এ প্রার্থী পরিবর্তন হতে পারে।
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শেখ হাসিনার শাসনামলে। সেই সময় হুম্মাম কাদেরকেও সাত মাস গুম করে রাখা হয়।
গত ১৬ নভেম্বর আয়নাঘরের দিনগুলোর দুঃসহ স্মৃতি সামনে এনে হুম্মাম কাদের চৌধুরী গণমাধ্যমে বলেছেন, গুমের পুরো ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। একটা অপারেশন ছিল-আমি তখন জানতাম না। আমাকে প্রথম গায়েব করা হলো। আমার পরপরই জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আরমান এবং গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমীকেও গুম করা হলো। আমাদের সবার কানেকশন একটাই-আমাদের বাবারা সবাই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন এবং আমি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলাম। আযমী ভাই সাবেক আর্মি সদস্য এবং আরমান রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। এই বিষয় নিয়ে আমরা কনফিউশনে ছিলাম-আমাদের তিনজনকে কেন গুম করা হলো। এখন বুঝতে পারছি-তারা চাচ্ছিল যে পরিবারের লিডারদের হত্যা করা হয়েছে, পরবর্তী প্রজন্ম যেন প্রতিবাদ করার সাহস না করে।
উল্লেখ্য, চট্টগ্রাম-৭ আসন রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত।
স্বদেশ প্রতিদিন/এমএস