প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:৩২ পিএম

ফেনীর সোনাগাজীতে পরকীয়া সম্পর্কের জেরে সুজন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সোনাগাজী উপজেলার ৫ নম্বর চর দরবেশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দক্ষিণ চর সাহাভিখারী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে আসামিরা ভিকটিম সুজনকে বটি দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাত সাড়ে ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন, মামুন হোসেন (২৯), পিতা মৃত সোলেমান, গ্রাম চোপল্লী, তলব সা বাড়ি, থানা বেগমগঞ্জ, জেলা নোয়াখালী; আসমা আক্তার (২০), স্বামী মামুন হোসেন, গ্রাম দক্ষিণ চর সাহাভিখারী, ইউনিয়ন চর দরবেশ; লিপি আক্তার (৪০), স্বামী কামালউদ্দিন, একই এলাকার বাসিন্দা; জামসের আলম (৪৫), পিতা আব্দুর রহিম, দক্ষিণ চর সাহাভিখারী এলাকার বাসিন্দা।
ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সোনাগাজী মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে