প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬:৫৬ AM

বিশ্বের ১১টি দেশে ২১টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, “বর্তমানে অস্ট্রেলিয়ায় দুটি, কানাডায় দুটি, যুক্তরাষ্ট্রে চারটি এবং যুক্তরাজ্যে তিনটি স্টেশনসহ মোট ১১টি দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন চলছে। আমরা ধারাবাহিকভাবে কাজ করছি যাতে বাংলাদেশের দূতাবাস থাকা সব দেশেই এই সেবা সম্প্রসারিত করা যায়।”
তিনি আরও বলেন, “যেসব প্রবাসী এখনো ভোটার হননি, তারা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া নতুন অ্যাপের মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে ভোটার নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত প্রবাসীরা আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।”
সচিব জানান, পাসপোর্ট নিতে এনআইডি বাধ্যতামূলক হওয়ায় ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী এনআইডি নিয়েছেন। তবে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী যারা এখনো নিবন্ধিত নন, তাদের এবার অনলাইন নিবন্ধনের সুযোগ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, “প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ডাকযোগে বা পোস্টাল ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব ভোটার ‘Postal Vote BD’ অ্যাপে নিবন্ধিত হবেন, তারা এই সুবিধা পাবেন। ১৬ নভেম্বর অ্যাপটি উদ্বোধনের সময় নিবন্ধনের সময়সীমাও জানানো হবে।”
সচিব স্পষ্ট করে জানান, প্রবাসী ভোটারদের ক্ষেত্রে দুটি ধাপ রয়েছে—প্রথমে ভোটার হিসেবে নিবন্ধন এবং পরে ভোট প্রদানের জন্য নিবন্ধন। পাশাপাশি, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদনগুলোও বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে, যা চলতি সপ্তাহেই নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে