প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ AM

দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা মনে করেন, জীবনের প্রতিটি সম্পর্কই শেখার নতুন এক সুযোগ এনে দেয়। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের সম্পর্ক ও অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন।
সম্পর্ক থেকে তিনি কী শিখেছেন এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, “আমার মনে হয়, সব মানুষই সম্পর্ক থেকে কিছু না কিছু শেখে। সেটা হতে পারে বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক, সন্তানের সঙ্গে, বন্ধু কিংবা জীবনের সঙ্গীর সঙ্গে সম্পর্ক প্রতিটি সম্পর্কেই শেখার সুযোগ থাকে। নতুন সম্পর্ক মানেই নতুন কিছু শেখা।”
সন্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে মিথিলা বলেন, “আমরা অনেক সময় ভাবি, ছোট শিশুরা কিছু বোঝে না, তাদের মতামত বা ব্যক্তিগত গোপনীয়তার (প্রাইভেসি) কোনো প্রয়োজন নেই—সব কিছু বাবা-মাকেই জানতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি, সন্তানকে নিয়ন্ত্রণ করার চেয়ে তার সঙ্গে বোঝাপড়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাটাই বেশি গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আমার মেয়ের সঙ্গে সম্পর্কটা একেবারেই দ্বিপাক্ষিক। ও যেন আমাকে নিয়ন্ত্রণ না করে, আমিও যেন ওকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ না করি এই ভারসাম্যটাই জরুরি। অবশ্যই সন্তানের ভালোমন্দ দেখব, তবে তার মতামতেরও গুরুত্ব দিতে হবে।”
সাক্ষাৎকারে মিথিলার স্বামী ও ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়-কে নিয়েও প্রশ্ন করা হয়। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
স্বদেশ প্রতিদিন/কেআইকে