প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৩:৩২ AM

কুমিল্লা থেকে এসে বগুড়া গাবতলীতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এই ঘটনা ঘটে। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম নিশ্চিত করেছেন, আহত ব্যক্তির নাম আতাউর রহমান (৩৫), তিনি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ছোট ইটালী গ্রামের মুক্তার হোসেনের বাড়িতে ককটেল তৈরি হচ্ছিল। বাড়ির মালিক মুক্তার হোসেন এবং তার প্রতিবন্ধী মা সেখানে বসবাস করেন। মুক্তার হোসেনের বোনের স্বামী বাদশা মিয়া, যিনি পার্শ্ববর্তী মাঝবাড়ি গ্রামের একজন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, কুমিল্লা থেকে আতাউর রহমানকে ডেকে আনেন।
তিনটি ককটেল তৈরি করার পর আরও একটি বানানোর সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গেলে, বাদশা মিয়া ও মুক্তার হোসেন পালিয়ে যান। আহত অবস্থায় আতাউর রহমানকে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
ওসি সেরাজুল ইসলাম জানিয়েছেন, আটক আতাউর রহমান জানিয়েছে, ককটেল বানানোর জন্য তাকে কুমিল্লা থেকে ডাকা হয়েছিল। এছাড়া, ডাকাতিকালে জনগণের ধাওয়ার মুখে পড়লে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালাতে ব্যবহার করার পরিকল্পনা ছিল।
পুলিশ জানিয়েছে, বাদশা মিয়ার নামে গাবতলী থানায় একটি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া, আতাউর রহমানের নামে কুমিল্লায় বিস্ফোরকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলমান।
স্বদেশ প্রতিদিন/কেআইকে