প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত সেতুর সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় সুফল থেকে বঞ্চিত হয়েছেন দেড় শতাধিকের বেশি পরিবার।
ভোগান্তির স্বীকার হচ্ছেন এলাকার নারী-শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীসহ সকল শ্রেণী পেশার মানুষ। সড়কের বেহাল দশা ও সংযোগ সড়ক না হওয়ার ওই পথে ছোট ছোট যান চলাচলও বন্ধ। এতে জরুরি অবস্থায় বিপাকে পড়ছেন স্থানীয়রা। তবে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রকল্প কর্মকর্তার।
জানা গেছে, দুর্যোগ ও ত্রান দপ্তরের অধীনে ২০২৩-২৪ অর্থ বছরে ৪২ লাখ ৬৩ হাজার ৯০৭ টাকা ব্যয়ে ১১ মিটার সেতুর কাজটি পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান কুড়িগ্রাম কাঠালবাড়ির নুসরাত জাহান ট্রেডার্স। চলতি বিল প্রদান করলেও চূড়ান্ত বিল দেয়া হয়নি এখনো।
এব্যাপারে চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. সোহেল রহমান জানান, সেতুর কাজ শেষ হওয়ার পর বর্ষা চলে আসায় মাটি ভরাট করা হয়নি, দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এমএস