বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপত্তায় দিনযাপন করে: ড. এম এ কাইয়ুম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে সংখ্যালঘুরা নিরাপত্তায় দিনযাপন করে। আর বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদার অধিকারী। ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যালঘু বানিয়ে নাগরিক অধিকার বিনষ্টকারীরাই মূলত রাজনৈতিক ফায়দা লুটে নেওয়ার চেষ্টা করেছে।
আজ শুক্রবার বিকেলে বাড্ডায় বিএনপি অফিসে হিন্দু কল্যাণ সোসাইটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এম এ কাইয়ুম বলেন, নিজেদের সংখ্যালঘু হিসেবে নয়, বরং মানুষ হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ হিসেবে বিবেচিত নই; মানুষ হিসেবে বিবেচিত। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক।
আমরা প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, গির্জা ও মন্দিরে কাজ করছি উল্লেখ করে তিনি বলেন, হিন্দু-বৌদ্ধ কিংবা খ্রিষ্টান সে যে ধর্মেরই হোক না কেন, সে আমাদের ভাই। সে বাংলাদেশি। আমরা এই বাংলাদেশে মিলেমিশে বসবাস করবো। একে অন্যের বিপদে এগিয়ে আসবো, একে অন্যকে সাহস জোগাবো। বিএনপি আগামী দিনে আসলে তাদের কোনো ক্ষতি হবে না, যা স্বৈারাচার আ’লীগ করেনি।
তিনি বলেন, এবারের ভোট ধানের শীষের পক্ষে হোক। আপনাদের সকল আত্মীয়দের বলে দিবেন, সময় নষ্ট করবেন না ধানের শীষে ভোট দিবেন। দীর্ঘ ১৭ বছর পরে এই ভোটাধিকার বিএনপির আন্দোলনের ফসল। ধানের শীষে ভোট দেওয়ার পর আমরা আপনাদের দাবি আদায়ের সকল ব্যবস্থা করবো।
ড. এম এ কাইয়ুম আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জণকল্যানমূলক কাজ করবো এবং বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করবো। মানুষে রক্তের বিনিময়ে অর্জিত নতুন এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। কোনো অন্যায়, অত্যাচার-জুলুম থাকবে না, আমরা সকলে এই বাংলাদেশে মিলেমিশে বসবাস করবো।
ঢাকা ১১ আসনের মাটি ও মানুষের নেতা এম এ কাইয়ুম বলেন, শনিবার আমরা বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছি। সেখানে যে কোনো ধরনের রোগের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ রোগ হলে সেখানে ডাক্তার থাকবেন আর জটিল কোনো রোগ হলে হাসপাতালে প্রেরণ করে তার চিকিৎসার ক্ষেত্রে আমরা সাহায্য করবো। এই চিকিৎসা ব্যবস্থা চলমান থাকবে এবং বিগত সময়েও আমরা এই ব্যবস্থা করেছি।
স্বদেশ প্রতিদিন/এনআর