প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৮:১৭ পিএম

হাতিয়ায় হোন্ডা র্যালি ও পথসভা অনুষ্ঠিত
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মোহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে বিশাল হোন্ডা র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া বাজার থেকে দাঁড়িপাল্লার সমর্থনে র্যালিটি শুরু হয়।
র্যালির সূচনায় সংক্ষিপ্ত বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে আমরা গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আজকের র্যালি যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে দোয়া করি।”
এরপর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইদ্রিসের দোয়ার মাধ্যমে র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
র্যালিতে সহস্রাধিক মোটরসাইকেল ও জিপ ট্রাক অংশ নেয়, যা পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কর্মী ও সমর্থকরা দলের প্রতীক “দাঁড়িপাল্লা”র পক্ষে শ্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
র্যালিটি বুড়িরচর থেকে শুরু হয়ে জাহাজমারা, সিডিএসপি বাজার, তমরদ্দি বাজার ঘুরে উত্তরদিকের খাসেরহাট বাজার পর্যন্ত অগ্রসর হয়। পথে বিভিন্ন বাজারে থেমে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা দেন- সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুল হক।
তিনি বলেন, আমরা ন্যায়ভিত্তিক সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। জনগণ যদি আমাদের পাশে থাকে, তাহলে হাতিয়া হবে উন্নয়ন, ন্যায় ও শান্তির মডেল।”
র্যালিটি পরে ওছখালী এ এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত, হাতিয়া পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ