প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ২:০৩ পিএম

সংগৃহীত ছবি
ফুটবল দুনিয়ায় ‘রোনালদো’ নামের উত্তরাধিকার এবার নতুন প্রজন্মে। মাত্র ১৫ বছর বয়সে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র, সংক্ষেপে ‘ক্রিশ্চানিনহো’ পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করেছেন।
তুরস্কে অনুষ্ঠিত ফেডারেশনস কাপ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তুরস্কের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে রোনালদো জুনিয়রের যাত্রা শুরু হয়। ম্যাচে পর্তুগাল ২-০ গোলে জয় লাভ করে।
এই বিশেষ মুহূর্তে সবচেয়ে গর্বিত ছিলেন তার দাদি, দোলোরেস আভেইরো। ম্যাচের আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, “চলো পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দল!”, যা যেন নাতির জন্য প্রেরণা হিসেবে কাজ করেছে।
রোনালদো জুনিয়র আল-নাসরের যুবদলে খেলার পাশাপাশি এর আগে জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতেও অনুশীলন করেছেন। ফুটবল তার ছোটবেলা থেকেই জীবনের কেন্দ্রবিন্দু, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বাবার নামের ওজন বহন করা।
রোনালদো সিনিয়র বলেন, “ও খুব প্রতিযোগিতাপূর্ণ, একদম আমার ছোটবেলার মতো। কিন্তু আমি বেশি চাপ দিই না। ওর ওপর এমনিতেই অনেক প্রত্যাশা আছে। আমি চাই, ও নিজের ভুলগুলো থেকে শিখুক এবং নিজের মতো করে বেড়ে উঠুক।”
উল্লেখ্য, ২০০১ সালে একই বয়সে রোনালদো নিজেও পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দলে অভিষেক করেছিলেন। সেখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে তার যাত্রা শুরু, পরে জাতীয় দলে দ্রুত জায়গা পাওয়া এবং ইউরো ২০১৬ জয়, ২০১৯ সালে নেশনস লিগ ট্রফি জয় ও পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া, সবই রোনালদোর দারুণ ক্যারিয়ারের অংশ।