প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১:২৬ পিএম

সংগৃহীত ছবি
ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালানো হারিকেন মেলিসায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪-এ পৌঁছেছে। জ্যামাইকা ও কিউবার ওপর আঘাত হানার পর এটি এখন বারমুডার দিকে এগোচ্ছে। এছাড়া ঝড়ের শক্তিও বৃদ্ধি পেয়েছে।
জ্যামাইকার তথ্যমন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, জ্যামাইকায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকারীরা এখনও হতাহতদের খোঁজের কাজ চালিয়ে যাচ্ছেন।
গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি হিসেবে চিহ্নিত এ ঝড়ের কারণে জ্যামাইকার বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় লাখ লাখ মানুষ দুই-তিন দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপও ছড়িয়ে ছিটিয়ে আছে।
ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য জ্যামাইকার সরকার রিজার্ভ সেনাদের মোতায়েন করেছে।
গত মঙ্গলবার ক্যাটাগরি-৫ হারিকেন হিসেবে জ্যামাইকায় আছড়ে পড়েছিল মেলিসা। এটি জ্যামাইকার ইতিহাসে প্রথমবারের মতো কোনো হারিকেন সরাসরি উপকূলে আঘাত হানার ঘটনা। এছাড়া ১৯৮৮ সালের পর এই অঞ্চলে আঘাত হানা অন্যতম বড় ঝড় হিসেবে রেকর্ডে এসেছে।
ঝড়টি স্থলে আঘাত হানার সময় বাতাসের শক্তি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। ফোরকাস্টার ও অ্যাকুওয়েদার জানিয়েছে, এটি আটলান্টিক অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক শক্তিশালী হারিকেন।
প্রাথমিক হিসাব অনুযায়ী, পশ্চিম ক্যারিবিয়ান অঞ্চলে হারিকেনের কারণে ৪৮ থেকে ৫২ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে চারদিন অতিবাহিত হলেও পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।
সূত্র: রয়টার্স