প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৪১ পিএম

আ. লীগের শাসনামলে বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের গুম ও নিখোঁজ করার অন্যতম মাস্টারমাইন্ড অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ডিবি প্রধান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা রয়েছে মশিউরের বিরুদ্ধে। এই মামলায় তাকে ট্রাইব্যুনালে আনা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।
প্রসিকিউশন জানায়, মশিউর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দায়ের হওয়া গুমের একটি মামলা রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তাকে দ্রুত ট্রাইব্যুনালে হাজির করা হবে।
র্যাব-১১ তে কর্মরত থাকার সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও বিভিন্ন অপেশাদার কর্মকাণ্ডে কুখ্যাতি অর্জন করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। সরকার পরিবর্তনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, র্যাব-১১ তে দায়িত্ব পালনকালে এসব অবৈধ কর্মকাণ্ডে আলেপ উদ্দিনের অন্যতম সহযোগী হিসেবে কাজ করতেন এডিশনাল এসপি মশিউর রহমান।
রাজসাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আলেপ উদ্দিনের অপকর্মের বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন। তিনি জানান, র্যাবের ইন্টেলিজেন্স ইউনিটে কর্মরত অবস্থায় গুমসহ বিভিন্ন অবৈধ কাজে দক্ষ হওয়ায় আলেপকে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশ্রয় দিতেন।
স্বদেশ প্রতিদিন/ এমএস