প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৫:০৯ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রায়পুর গ্রামের এমদাদুল ও জাইদুল ইসলাম নামের দু ব্যক্তির চলাচলের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে প্রতিবেশি নুর মোহাম্মদ নামের প্রভাবশালী এক ব্যক্তি। গত দু'দিন অতিবাহিত হলেও বেড়া খুলে না দেওয়ায় এর প্রতিকার চেয়ে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পাঁচবিবি থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ঐ পরিবার।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার রায়পুর গ্রামের মৃত ফজেল উদ্দিন প্রামানিকের ছেলে এমদাদুল মাঠে কাজ করতে গেলে প্রতিবেশি মৃত ইউসুব আলীর পুত্র নুর মোহাম্মদ প্রতিহিংসা বশত বাড়ী থেকে বের হওয়ার রাস্তায় বাঁশের খুঁটি ও বেড়া দিয়ে ঘিরে রাখে। এতে এমদাদুল ও তার ভাই জাইদুল অবরুদ্ধ হয়ে পড়ে। পরে মাঠ থেকে বাড়ী ফিরে রাস্তা বেড়া দেওয়া দেখে নুর মোহাম্মদকে কারণ জিজ্ঞাসা করলে সে তার জায়গা ঘিরেছে বলে তাদের জানায়। নিরুপায় হয়ে ভুক্তভোগী এমদাদুল থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে নুর মোহাম্মদ বলেন, আমার জায়গা, আমি পাবো। তাই ঘিরে নিয়েছি। কে বাড়ী থেকে বের হতে পারলো, কি না সেটা আমার দেখার বিষয় নাই।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, অভিযোগ পেয়েছি। সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন বিট অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ