প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১:৩০ পিএম আপডেট: ৩০.১০.২০২৫ ১:৩৩ PM

সংগৃহীত ছবি
সৌদি আরবে তামাকবিরোধী বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো তামাক বিক্রেতা যদি মসজিদ বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১৫০ মিটার দূরে না থাকে, তবে সেখানে ব্যবসা করা যাবে না।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, রেস্টুরেন্ট ও ক্যাফে তামাকজাত পণ্য পরিবেশনের আগে বিশেষ অনুমতি নেওয়া বাধ্যতামূলক। দোকান বা রেস্টুরেন্টের বাইরে স্পষ্টভাবে ‘অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ’ এরকম সাইনবোর্ড প্রদর্শন করতে হবে।
টেবিল সার্ভিস দেওয়ার রেস্টুরেন্টগুলোতে আলাদা ধূমপান কক্ষ রাখতে হবে এবং তামাক প্রস্তুতির স্থান খাবার প্রস্তুতের এলাকা থেকে আলাদা রাখতে হবে। এছাড়া খোলা জায়গায় তামাক সেবন নিষিদ্ধ থাকবে এবং শিশা (হুক্কা) তৈরিতে ব্যবহৃত কয়লার পাশে কোনো দাহ্য পদার্থ রাখা যাবে না।
নতুন ১৫০ মিটার দূরত্বের শর্ত পূর্বের বিধিনিষেধের তুলনায় আরও বিস্তৃত, যা অনেক তামাক বিক্রেতার ওপর প্রভাব ফেলতে পারে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম কার্যকর করতে স্থানীয় পৌরসভা ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তদারকি করবে। নিয়ম ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে ব্যবসার লাইসেন্স বাতিল এবং অর্থদণ্ডের মতো কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন