| শিরোনাম: |

কারিগরি ত্রুটির কারণে রাজধানীর কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে এ অংশে হঠাৎ ঝাঁকুনি অনুভূত হলে মেট্রো কর্তৃপক্ষ ট্রেন চলাচল স্থগিত করে।
মেট্রো রেল এমআরটি-৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজয় সরণি–ফার্মগেট সেকশনে একটি ঝাঁকুনি ঘটায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।” তবে তিনি ঘটনার বিস্তারিত তথ্য দিতে পারেননি।
মেট্রো রেল পরিচালনা সংশ্লিষ্ট একাধিক কর্মী জানান, ফার্মগেট এলাকায় ট্রেনের নিচের অংশ থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে গেলে ট্র্যাকে অস্বাভাবিক ঝাঁকুনি হয়। এ ঘটনার পর থেকেই কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাত ১০টা পর্যন্ত ওই অংশে মেট্রো চলাচল বন্ধই ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ মেট্রো রেল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দেয়। অনেক যাত্রী স্টেশন থেকে ফিরে যেতে বাধ্য হন। এর মধ্যে রাতের বৃষ্টি ও বাসে অতিরিক্ত ভিড়ের কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে শেষ ট্রেন ছেড়ে যায় রাত ১০টা ১০ মিনিটে।
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, রাতের মধ্যে আগারগাঁও–শাহবাগ অংশে মেট্রো চলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা নেই। প্রকৌশলীরা ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ করছেন।